কবি মতিউর রহমান মল্লিকের কবিতা “একটি হৃদয়”

✍️কবি : মতিউর রহমান মল্লিক

🔸আবৃত্তি : জাকির আবু জাফর

ক্যামেরা : রাশেদুল ইসলাম টিটু

সম্পাদনা : শামছুল আলম বকুল

গ্রাফিক্স : হোসেন সারওয়ার

পরিচালনা সহকারী : এ কে জিলানী

পরিচালনা : শেখ নজরুল

________________________________________

একটি হৃদয় কলির মতো, ওলির মতো,

মেঘনা নদীর পলির মতো।

পাখপাখালির উধাও উধাও ক্লান্ত প্রহর,

উথাল পাথাল ধানসিঁড়ি ঢেউ নিটোল নহর,

সবুজ খামার হাওয়ার খেলায় সুরের বহর;

একটি হৃদয় লতার মতো, লজ্জাবতীর পাতার মতো

অনেক কথকতার মতো।

ঝুমুর ঝুমুর ঝাউয়ের নূপুর দুপুর বেলা

সুদূর প্রদেশ আলোর ঝালর সাগর বেলা

ঝোপঝাড় ও ঝিল জোনাক জোনাক তারার মেলা;

একটি হৃদয় ফুলের মতো, সুরমা নদীর কূলের মতো

বট-পাকুড়ের মূলের মতো।

রাঙামাটির স্বপন সজীব সুখদ পাহাড়,

মন মাতানো নাফ নদীটির এপার ওপার,

তেঁতুলিয়ার একটানা পথ নানান খামার;

একটি হৃদয় মাঠের মতো, পল্লীগাঁয়ের বাটের মতো,

নৌকা বাঁধা ঘাটের মতো

একটি হৃদয় কলির মতো, ওলির মতো,

মেঘনা নদীর পলির মতো।